বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বেড়েছে ৩৯৩ কোটি

ফন্ট সাইজ:

আগামী বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা। সে হিসাবে বেড়েছে ৩৯৩ কোটি টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অর্থমন্ত্রী বলেন, আমাদের বিশ্বাস প্রস্তাবিত উদ্যোগগুলোর সফল বাস্তবায়ন দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে ২০২৬-২৭ অর্থবছরে এ মন্ত্রণালয়ের অনুকূলে মোট ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি।

আমির খসরু বলেন, বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এ খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট ও অর্থ পাচার হয়েছে।

বিগত সরকারের সময়ে সম্পাদিত বেশ কিছু মেগা প্রকল্পে একতরফা ও বিতর্কিত শর্ত যুক্ত থাকায় বিদ্যুৎ আমদানি ও ক্রয়ে অতিরিক্ত ব্যয়ের বোঝা আমাদের ওপর চেপে বসেছে। এ খাতে বার্ষিক ভর্তুকির পরিমাণ ৪০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানান তিনি।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১০ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট শুরু হয়, যা বাংলাদেশের অর্থনীতিতে একটি আকস্মিক ও বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই সংকটের সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, এলএনজি ও সারের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গেছে। ফলে দেশের অভ্যন্তরে বিদ্যুৎ, কৃষি, পরিবহন ও শিল্প খাতে উৎপাদন ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সার্বিক মূল্যস্ফীতি এবং সরকারি ভর্তুকির ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।

একই সঙ্গে আমদানি ব্যয় অস্বাভাবিক বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপরও নেতিবাচক প্রভাব পড়েছে। অর্থমন্ত্রী আশঙ্কা প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্য যেহেতু বাংলাদেশের প্রবাসী জনশক্তির সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গন্তব্য, তাই সেখানে দীর্ঘস্থায়ী অস্থিরতা বজায় থাকলে তা আমাদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও রেমিট্যান্স প্রবাহকেও বাধাগ্রস্ত করতে পারে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বর্তমানে দেশে বিদ্যুৎ আমদানি ও অন-গ্রিড নবায়নযোগ্য জ্বালানিসহ স্থাপিত উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে পৌঁছালেও, ভুল নীতির কারণে এখনো জনগণের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্পন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি।

সংকট ও অচলাবস্থা কাটিয়ে উঠতে সরকার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বহুমুখী পরিকল্পনা ও সংস্কার উদ্যোগ গ্রহণ করেছে। অর্থমন্ত্রী জানান, খাতের সব পর্যায়ে দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা, দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিবিড় মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি অদক্ষ ও পুরনো বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ বা আধুনিকায়ন করা, সর্বনিম্ন ব্যয়ে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা বাস্তবায়ন এবং পূর্বের বিতর্কিত ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো পুনরায় পর্যালোচনার উদ্যোগ নেয়া হয়েছে। সঞ্চালন ও বিতরণ নেটওয়ার্কের আধুনিকায়ন, এবং সিস্টেম লস কমিয়ে বিদ্যুৎ সরবরাহকে আরও নির্ভরযোগ্য করার কাজ চলছে।

সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী, আগামী ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার মেগাওয়াটে উন্নীত করা হবে। মোট বিদ্যুৎ চাহিদার অন্তত ২০ শতাংশ আসবে নবায়নযোগ্য জ্বালানি থেকে। বিদ্যুৎ সঞ্চালন লাইন ২৫ হাজার সার্কিট কিলোমিটারে সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতার এই মেগা প্রকল্পের প্রথম ইউনিট থেকে আগামী ২০২৭ সালের জানুয়ারির মধ্যে ১ হাজার ২শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে। এদিকে জ্বালানি খাতের সংকট কাটাতেও বড় ধরনের নীতি পরিবর্তনের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ে জ্বালানি খাতে দীর্ঘস্থায়ী ভুল নীতি, অব্যবস্থাপনা এবং অতিরিক্ত আমদানি নির্ভরতা পুরো খাতটিকে একটি ভঙ্গুর অবস্থায় দাঁড় করিয়েছিল। সেই সময় দেশীয় গ্যাস অনুসন্ধান, রিফাইনিং সক্ষমতা বা মজুদ বাড়ানোর কার্যকর কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে আন্তর্জাতিক বাজারে ডিজেল ও এলএনজির দাম অস্বাভাবিক বাড়লেও দেশের জনগণের স্বার্থে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দাম সামান্য সমন্বয় করা হলেও গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে এবং এর মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার এখন দেশীয় গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়ানোর ওপর সর্বোচ্চ জোর দিচ্ছে। আগামী তিন বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে ২৭০ কিলোমিটার ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৭০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক জরিপ সম্পন্ন করা হবে। মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সময়ের মধ্যে নতুন ৬৯টি কূপ খনন এবং ৩১টি পুরনো কূপের ওয়ার্কওভার (মেরামত) করা হবে। পাশাপাশি নতুন অনুসন্ধান রিগ কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের গতি বাড়াতে পিএসসি কাঠামো সংশোধন করে নতুন করে “বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড” ঘোষণা করা হয়েছে।

দেশের অভ্যন্তরে ৬০১ দশমিক ৫০ কিলোমিটার পাইপলাইনের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) দ্রুত চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এ ছাড়া দেশের জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে চট্টগ্রাম বা উপকূলীয় শিল্পাঞ্চলে ধাপে ধাপে ৫০ লাখ টন সক্ষমতার একটি নতুন তেল শোধনাগার নির্মাণের দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

বক্তৃতার অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই সমন্বিত ও সংস্কারমুখী উদ্যোগগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে দেশের সামগ্রিক জ্বালানি নিরাপত্তা আরও সুসংহত হবে। এর ফলে দেশের মানুষ ও শিল্পকারখানাগুলোয় তুলনামূলক সাশ্রয়ী মূল্যে, নিরবচ্ছিন্ন এবং পরিবেশবান্ধব বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন