চট্টগ্রামে ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশ, ব্যাপক প্রস্তুতি

ফন্ট সাইজ:

গণভোটের গণরায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের দাবিতে আগামী ১৩ জুন (শনিবার) ঐতিহাসিক লালদিঘী ময়দানে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার চট্টগ্রাম নগর জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি সমাবেশকে জনসমুদ্রে পরিণত করার জন্য জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

লিখিত বক্তব্যে শাহজাহান বলেন, দীর্ঘ আন্দোলন ও জনগণের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরও তা পূরণে দৃশ্যমান অগ্রগতি হয়নি। গণভোটের গণরায়, জুলাই সনদ এবং প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগের অভাব রয়েছে। এসময় দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, হত্যা, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও নির্যাতনের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এর পাশাপাশি চাঁদাবাজি, দখলদারিত্ব এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ বাড়ছে। সরকারি-বেসরকারি খাতে দুর্নীতি, অনিয়ম ও জবাবদিহিতার সংকটের কারণে জনজীবন বিপর্যস্ত। আর্থিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানান তিনি। বাজেট-পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিম্ন ও মধ্যবিত্তের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রামের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় অর্থনীতির প্রধান চালিকাশক্তি চট্টগ্রাম বন্দর পরিচালনায় স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হবে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও বে-টার্মিনালসহ মেগা প্রকল্পগুলোতে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিনিয়োগ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার ওপর জোর দেন তিনি। একই সাথে তিনি সীমান্ত হত্যা বন্ধ এবং প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিতের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষস্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ খেলাফতে মজলিসের মহানগরী সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল, নেজামে ইসলাম পার্টির মহানগরী আমীর মাওলানা জিয়াউল হোসাইন, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির মহানগরী সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, এলডিপির মহানগরী সভাপতি সৈয়দ গিয়াসুদ্দিন আলম, বাংলাদেশ লেবার পার্টির মহানগরী সভাপতি আলাউদ্দিন আলী, খেলাফত মজলিসের মহানগরী সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামালসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন