অভিনেত্রী কোয়েল মল্লিকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন

অভিনেত্রী কোয়েল মল্লিকও রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন

ফন্ট সাইজ:

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। এমনই দাবি করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। এর আগে সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইকের পদত্যাগে চাপে থাকা তৃণমূল কংগ্রেসের জন্য এই ঘটনা আরও বড় ধাক্কা বলে মনে করছে রাজনৈতিক মহল। এ বছরই কোয়েলকে রাজ্যসভায় মনোনীত করেছিলেন মমতা। এপ্রিল মাসে দিল্লিতে রাজ্যসভার সাংসদ পদে শপথগ্রহণের পর তিনি বলেছিলেন, “অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা— এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।” তবে দলের ভরাডুবিতে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে এবার তৃণমূল কংগ্রেস থেকে দূরত্ব বাড়ালেন কোয়েলও।

কোয়েলের ইস্তফার ফলে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা ১৩ থেকে কমে দাঁড়াল ৯-এ। সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যে আরও কয়েকজন সাংসদ পদত্যাগ করতে পারেন।

বৃহস্পতিবার দল ছেড়েছেন তৃণমূল কংগ্রেসের তফসিলি উপজাতির অন্যতম মুখ প্রকাশচিক বরাইক। একই সঙ্গে তিনি রাজ্যসভার সাংসদ পদেও ইস্তফা দিয়েছেন। এর আগে সোমবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায়। বুধবার সুস্মিতা দেব সাংসদ পদ ছাড়েন। তৃণমূল কংগ্রেসও ছেড়ে দেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন