ফেনীতে গ্যাসবোঝাই ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার খাইয়ারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা একটি গ্যাসবোঝাই ট্রাকের চাকা পাংচার হয়। এসময় সেটি মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। তা দেখতে ঘটনাস্থলে স্থানীয় কয়েকজন জড়ো হন।
এসময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সেখানে দাঁড়িয়ে থাকা লোকজনকে চাপা দেয়। পরে খবর পেয়ে মহিপাল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর (৪০) ও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আবদুর শুক্কুর (৫২), বেলাল হোসেন (৩৭), আরিফুল ইসলাম (৩২), আরিফ (২০) ও মো. রাসেলকে (৩২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
