২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ১৯৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে সংস্থাটির বরাদ্দ ছিল ২০৩ কোটি টাকা। সে হিসাবে আগামী অর্থবছরে দুদকের বরাদ্দ কমছে ৬ কোটি টাকা।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দুদকের পরিচালন খাতে ১৮৭ কোটি টাকা এবং উন্নয়ন খাতে ১০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে সংস্থাটির জন্য প্রস্তাবিত বরাদ্দ ছিল ১৯১ কোটি টাকা, যা পরে সংশোধিত বাজেটে ২০৩ কোটি টাকায় উন্নীত হয়।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি সরকারের মেয়াদে এটি প্রথম বাজেট। একই সঙ্গে এটি দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।
