বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে বড়সড় এক নিরাপত্তা বিপর্যয়ের মুখে পড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল। এক প্রশাসনিক ভুলের কারণে অধিনায়ক লিওনেল মেসিসহ দলের সব ফুটবলারের পাসপোর্টের গোপনীয় তথ্য ফাঁস হয়ে গেছে!
আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অফিশিয়াল টিম শিটে খেলোয়াড়দের পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়। নিয়ম অনুযায়ী, গণমাধ্যম ও সাধারণের কাছে প্রকাশের আগে তা ব্লার বা অস্পষ্ট করার কথা। অথচ কোনো রকম কাটছাঁট ছাড়াই তা প্রকাশ করে দেয়া হয়।
তবে মাঠের বাইরের এই বিতর্ক ছায়া ফেলতে পারেনি আলবিসেলেস্তেদের পারফরম্যান্সে। প্রীতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দেয় তারা। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে এ ম্যাচ দিয়েই মাঠে ফেরেন মেসি। ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার মাত্র দুই মিনিটের মাথায় জালের দেখা পান এই খুদে জাদুকর। লাউতারো মার্টিনেজ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে গোল করেন মেসি।
এই গোলের মাধ্যমে ৩৮ বছর ১১ মাস বয়সে আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বয়স্ক গোলদাতা হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখান আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভাঙেন ১৯৫৭ সাল থেকে টিকে থাকা আনহেল লাব্রুনার রেকর্ড। ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে উচ্ছ্বসিত মেসি বলেন, ‘আমি দারুণ খুশি, প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আগের মতোই রোমাঞ্চিত।’
