অর্থনীতির সুফল যাতে সকলের কাছে যায় সেটাকে মাথায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘একটা সমাজকল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করার জন্য এই বাজেট করা হয়েছে।’
বৃহস্পতিবার সকালে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিতে গুলশানের বাসা থেকে বের হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি ।
অর্থমন্ত্রী বলেন, ‘এবারের বাজেটের মূল প্রতিপাদ্য বিষয় যেটা হচ্ছে প্রত্যেকটি নাগরিককে এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতিকে সামনে রেখে, বাংলাদেশের প্রতিটি মানুষকে মাথায় রেখে বাংলাদেশের মানুষের কল্যাণে, দেশের কল্যাণে… সবকিছুকে মাথায় রেখে বাজেটটা দেয়া হয়েছে।’
এবারের বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বহুদিন ধরে যে সমস্ত বাজেট হয়েছে বা হয় নাই আজকে বহুদিন পরে একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে।’
‘জাতির প্রত্যাশা, আকাঙ্ক্ষা অনেক বেশি এবং আমরা জাতির সেই আকাঙ্ক্ষা, ভাবনা-চিন্তা-দর্শন আগামী দিনে জনগনের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি।’ উল্লেখ করেন অর্থমন্ত্রী।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করা বিএনপি জাতীয় বাজেট দিতে যাচ্ছে। বিকাল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
