ফকিরহাটে দুর্বৃত্তদের হামলায় বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়ল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আবদুল্লাহ মোড়ল। মঙ্গলবার রাত ১০টার দিকে ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাদল মোড়ল সদর উপজেলার আড়পাড়া গ্রামের জাফর মোড়লের পুত্র ও আহত আব্দুল্লাহ মোড়ল একই গ্রামের মৃত নুর ইসলাম মোড়লের পুত্র।
সূত্রমতে, আব্দুল্লাহ মোড়ল দীর্ঘদিন ধরে ফকিরহাটে পরিবার নিয়ে বসবাস করতেন। ওয়ার্ড বিএনপি সভাপতির দায়িত্ব থাকার কারণে গ্রামের বাড়ি আড়পাড়ায় নিয়মিত যাতায়ত করতেন। মঙ্গলবার রাতে আড়পাড়া থেকে মোটরসাইকেলযোগে ফকিরহাটে ফেরার পথে সোনাখালী গ্রামের নিয়তির মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া প্রাথমিক চিকিৎসা দিয়ে আহত আবদুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাদল মোড়ল নিহতের খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আড়পাড়া ওয়ার্ড বিএনপি’র ক্ষুব্ধ নেতাকর্মীরা জামায়াতের অফিসে ভাঙচুর চালায়। বুধবার সকালে বিএনপি’র নেতাকর্মীরা বারুইপাড়া বাজারে জামায়াতে ইসলামীর কার্যালয় ও শ্রমিক কল্যাণের অফিসে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ফকিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
