পুরুষদের কাছ থেকে উপহার পেলে অস্বস্তিতে পড়েন আনুশকা

পুরুষদের কাছ থেকে উপহার পেলে অস্বস্তিতে পড়েন আনুশকা

ফন্ট সাইজ:

একসময় ব্যস্ততম বলিউড অভিনেত্রীদের একজন ছিলেন অনুশকা শর্মা। তবে গত কয়েক বছর ধরে অভিনয় থেকে অনেকটাই দূরে তিনি। স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে এখন পারিবারিক জীবনেই বেশি সময় দিচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু ব্যক্তিজীবন নিয়ে তার নানা মন্তব্য এখনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সম্প্রতি অনুশকার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি জানিয়েছিলেন, কোনো পুরুষের কাছ থেকে উপহার পেলে বেশ অস্বস্তিতে পড়তেন তিনি। অভিনেত্রীর মতে, উপহার দেওয়া-নেওয়ার প্রচলন নিয়ে তার দৃষ্টিভঙ্গি সবসময়ই একটু আলাদা ছিল। বিশেষ করে কোনো পুরুষ বন্ধু উপহার দিলে সেটি সহজভাবে নিতে পারতেন না তিনি। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, একবার এক পুরুষ বন্ধু আমাকে বেশ দামি একটি উপহার পাঠিয়েছিলেন। বিষয়টি আমাকে অস্বস্তিতে ফেলেছিল।

আমি সবসময় ভাবতাম, কেউ আমাকে উপহার দেবে কেন? এই বিষয়ে আমার অবস্থান খুবই পরিষ্কার। তিনি আরও বলেন, কোনো পুরুষ বন্ধুর সঙ্গে কোথাও গেলে আমি চাই খরচ সমানভাবে ভাগ হোক, অথবা পুরো বিল আমি নিজেই পরিশোধ করি। উপহার পেলে প্রথমে তার মূল্য জানার চেষ্টা করতাম, এরপর তার চেয়ে বেশি মূল্যের একটি উপহার তাকে ফিরিয়ে দিতাম। তবে এই বিষয়ে একমাত্র ব্যতিক্রম তার স্বামী বিরাট কোহলি। স্বামীর কাছ থেকে উপহার গ্রহণে তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে অভিনয়ের চেয়ে আধ্যাত্মিক জীবন নিয়েই বেশি আলোচনায় রয়েছেন অনুশকা। বিরাট কোহলির সঙ্গে প্রায়ই তাকে আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা যায়। কখনো সেবামূলক কাজে অংশ নিচ্ছেন, আবার কখনো ভক্তিমূলক কার্যক্রমে যুক্ত হচ্ছেন এই তারকা দম্পতি।

প্রসঙ্গত, আনুশকা-বিরাট দম্পতি ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর ধীরে ধীরে গ্লামার দুনিয়া থেকে নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা। এরপর নতুন কোনো ছবিতে তাকে দেখা না গেলেও অভিনয়ে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানাননি অনুশকা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন