স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির উপর জ্ঞান আহরণে ফ্রান্স সফরের অনুমতি পেলেন না রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক। অনুমতি পেয়েছেন করপোরেশনের নির্বাহী প্রকৌশলী।
গতকাল স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাজশাহী সিটি করপোরেশনের দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা থেকে এই তথ্য জানা যায়। প্রধানমন্ত্রীর নির্দেশনা সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এর সত্যতা নিশ্চিত করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে যে, এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয় বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন। প্রধানমন্ত্রীর দেয়া নির্দেশনায় আরও বলা হয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বুয়েট এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেয়া উচিত হবে।
সিগনেফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমন্ত্রণে সিগনেফাই ফ্রান্সের আউটডোর লাইটিং এপ্লিকেশন সেন্টারের পরিদর্শন এবং স্ট্রিট লাইটিংয়ের নতুন বিদ্যুৎ সাশ্রয়ী টেকনোলজির উপরে সম্মুখ জ্ঞান আহরণে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটের ফ্রান্স সফরের প্রস্তাবটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়।
এর আগে মশক নিধনের পদ্ধতি দেখতে চট্টগ্রামের মেয়রের যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব নাকচ করে দেন প্রধানমন্ত্রী।
