শার্শায় পুলিশ সদস্য মামুনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

পূর্বশত্রুতার জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে জখম করা এবং তার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে টুরিস্ট পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলসহ ৫ জনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোরের শার্শা উপজেলার শ্যামলগাছী গ্রামের ব্যবসায়ী পিন্টু রহমান বাদী হয়ে এই মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন- একই গ্রামের আব্দুল বারেক, শফিয়ার রহমান, তহিদুল ইসলাম ও মশিয়ার রহমান। অভিযোগ আমলে নিয়ে বিচারক এ বিষয়ে সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলায় বাদীর অভিযোগ, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করায় আসামিদের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে গত ২৯ মে বিকেলের দিকে শার্শার শ্যামলগাছী গেট মোড়ে আসামিরা তাকে হত্যার উদ্দেশ্যে বাঁশের লাঠি, লোহার রড ও স্টিলের পাইপ নিয়ে ঘিরে ধরে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তিনি এর প্রতিবাদ করলে আসামিরা তাকে এলোপাতাড়িভাবে মারপিট করে জখম করে। মারপিটের একপর্যায়ে তার পকেটে থাকা নগদ ১৪ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। আসামিরা বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তারা সকলেই ফ্যাসিস্ট আওয়ামীলীগের সাথে সরাসরি জড়িত থেকে স্থানীয় লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নানাভাবে হয়রানি করেছিল বলে তাদের অভিযোগ। ফ্যাসিস্ট পুলিশ সদস্য হওয়ায় তারা শার্শা থানা পুলিশকে দিয়ে বর্তমান সময়েও স্থানীয় লোকজনদের হয়রানি করছে বলে অভিযোগ উঠে।

প্রসঙ্গত, সম্প্রতি যশোরের শার্শায় টুরিস্ট পুলিশের এক সদস্যকে মারপিটের অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে প্রধান আসামি করে ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনের বিরুদ্ধে গত ৪ জুন একটি মামলা হয়। ওই মামলাটি করেন পুলিশ সদস্য মামুনের ছোট ভাই রয়েল। এর দুইদিন আগে ২ জুন অভিযোগ দেন বিএনপি নেতা মিন্টুর ভাই পিন্টু। কিন্তু তাদের অভিযোগ শার্শা থানা আমলে নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন