সাতক্ষীরায় বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে অহিদা সুলতানা শিমু (৪০) নামে এক বিধবা নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত শিমু পুরাতন সাতক্ষীরা এলাকার মৃত মিয়ারাজ হোসেনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি পৈতৃক বাড়িতে একা বসবাস করতেন।

পারিবারিক সূত্র জানায়, ২০০৭ সালে শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা সাংবাদিক আহসানের সঙ্গে শিমুর বিয়ে হয়। বিয়ের মাত্র তিন মাস পর তার স্বামী আত্মহত্যা করেন। এরপর থেকে তিনি বড় বোনের তত্ত্বাবধানে পৈতৃক বাড়িতে বসবাস করতেন। পৈতৃক সূত্রে পাওয়া একটি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে জীবিকা নির্বাহ করতেন তিনি। সমপ্রতি ওই সম্পত্তি বিক্রি করে দেন। নিহতের বড় বোন রাবেয়া সুলতানা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোনকে ডাকতে গিয়ে ঘরের ভেতরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহের বিভিন্ন স্থানে পচন ধরেছিল এবং শরীরের কিছু অংশের চামড়া উঠে গিয়েছিল বলে তিনি জানান।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে শিমুকে এলাকায় দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার তার ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে প্রতিবেশীদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগেই তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন