নেত্রকোণার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে মারামারি থেকে ১ জন নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার উপজেলার গন্ডা এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজনা সংঘর্ষে রূপ নিলে জামাল মিয়া (৫০) গুরুতর আহত হন।
পরিবার ও স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর আনুমানিক ২-৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ জানান, ঘটনার সংবাদ পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
