ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ধনবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার সকালে ধনবাড়ীর নলহরা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী বাসচাপায় নিহত হয়েছেন। অপরদিকে, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পাথালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত ও দুইজন আহত হয়েছে। ধনবাড়ী থানার ওসি নূরুস সালাম সিদ্দিক জানান, শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাড়কের ধনবাড়ী পৌরসভার নলহরা বাসস্ট্যান্ড এলাকায় খাদেমুল ইসলাম (৫৫) নামের একজন রাস্তা পারাপারের সময় ঢাকাগামী সোনিয়া পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

তবে ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। মরদেহ ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত খাদেমুল ধনবাড়ী পৌর এলাকার রূপশান্তি পশ্চিমপাড়া গ্রামের আজগর আলীর ছেলে। অন্যদিকে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ধনবাড়ী থেকে তিন বন্ধু মোটরসাইকেলযোগে জামালুপরের দিগপাইতের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-টাঙ্গাইল-জয়দেপুর-জামালপুর মহাসড়কের ধনবাড়ীর পাথালিয়া এলাকায় পৌঁছলে অজ্ঞাত এক বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ছিটকে রাস্তায় পড়ে যায়।

এতে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে হাসপাতালে নেয়ার পরে রাকিবুল হাসান (২৪) নামের একজনের মৃত্যু হয়। নিহত রাকিবুল হাসান (২৪) উপজেলার পাইস্তা ইউনিয়নের ধোকেরখুল এলাকার মৃত আরশেদ আলীর ছেলে। আহতরা হলেন- ধনবাড়ী পৌরসভার মিঠুন (১৮) ও বিলাসপুর এলাকার সাজ্জাত হোসেন (১৯)।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন