নেত্রকোণার মদন উপজেলায় পুলিশের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা সৈয়দ মিঠু মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তাকে আটক করে আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিযুক্ত মিঠু মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং পৌরসভার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান।
সেখানে উপস্থিত যাত্রীরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় ঘটনাস্থলে আসেন মিঠু। পুলিশ সদস্যরা তাকে কিছুটা দূরে সরে যেতে বললে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, এ ঘটনায় কনস্টেবল ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যাত্রীদের সঙ্গে বাস কাউন্টারের বিরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবকের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং ঘটনার তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে উপজেলা ছাত্রদলের সভাপতি এসএইচ পিপুল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সৈয়দ মিঠু মিয়াকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
