খুলনায় ট্রিপল মার্ডারের প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

খুলনায় ট্রিপল মার্ডারের প্রধান আসামি বরিশাল থেকে গ্রেপ্তার

ফন্ট সাইজ:

খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকায় নানি ও তার দুই নাতিকে হত্যা (ট্রিপল মার্ডার) মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)কে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে বরিশাল নগরের কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৬ সদর কোম্পানি ও র‌্যাব-৮ এর যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি থানার কাশীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে খুলনার সোনাডাঙ্গা থানার ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি রফিকুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৩০শে মে খুলনা নগরের সোনাডাঙ্গা থানার তমিজউদ্দিন সড়কের দারুস আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে বেবি বেগম (৫৫), তার নাতি শামীম ব্যাপারী (১৩) ও মুস্তাকিমের (৪) লাশ উদ্ধার করে পুলিশ।

বেবি বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছিল। আর দুই শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। ঘটনার পরদিন নিহত দুই শিশুর বাবা মাসুম ব্যাপারী বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, সাংসারিক কলহের জেরে প্রায় চার বছর আগে তার প্রথম স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। পরে ফাতেমা বেগম ট্রাকচালক রফিকুল ইসলাম হাওলাদারকে বিয়ে করেন। তবে ফাতেমার মা বেবি বেগম ওই বিয়ে মেনে নেননি। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং বেবি বেগম রফিকুলকে বাসায় যেতেও নিষেধ করতেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ওই বিরোধের জেরে ২৯শে মে রাত থেকে ৩০শে মে ভোরের মধ্যে রফিকুল ইসলাম অজ্ঞাতনামা কয়েকজনের সহযোগিতায় বেবি বেগম ও দুই শিশুকে হত্যা করে পালিয়ে যান।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন