আগামী ১৪ই জুন কক্সবাজারের পেকুয়া উপজেলায় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য আগমন উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পেকুয়া চৌমুহনীস্থ উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এম. বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। সভায় বক্তারা বলেন, তারেক রহমানের সম্ভাব্য সফরকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সফরকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. বেলাল হায়দার, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলিম উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং উপজেলার সাত ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নেতৃবৃন্দ সফর উপলক্ষে গণসংযোগ, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা রক্ষা, স্বেচ্ছাসেবক টিম গঠন এবং সার্বিক প্রস্তুতি বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভা শেষে তারেক রহমানের সম্ভাব্য সফর সফল করার লক্ষ্যে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
