চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে মতবিনিময় সভা করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সামাজিক যোগাযোগমাধ্যমে সভার বিভিন্ন ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে সাইফুল ও জামান বাবু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে উপজেলার রোসাংঙ্গিরি ইউনিয়নে মাইজভাণ্ডার এলাকায় চট্টগ্রামের সাবেক সিটি মেয়র মঞ্জুর আলমের বিশ্রামাগারে এ সভা অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সংগঠনের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের অংশগ্রহণ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, স্থানীয় কয়েকজন ছাত্রলীগ নেতা বক্তব্য দিচ্ছেন। তাদের পেছনে টাঙানো ব্যানারে লেখা ছিল ‘উপজেলা ছাত্রলীগের তৃণমূল ও কারা নির্যাতিত নেতাদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা’। সভায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, সভার খবর পাওয়ার পর ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছানোর আগেই অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রবিউল আলম খান বলেন, ওই সভায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে জড়িত দুইজনকে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সভায় অংশগ্রহণকারীদের পরিচয় শনাক্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
