সিকৃবিতে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালিত

ফন্ট সাইজ:

পরিবেশ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। ‘প্রকৃতি থেকে প্রেরণা, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’- প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে জুলাই-৩৬ গেট সংলগ্ন সড়কের পাশে নিমগাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে পরিবেশ দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, নদীভাঙন, বন্যা, খরা ও ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেশের পরিবেশ, কৃষি ও জনজীবনে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এর ওপর প্লাস্টিক ও পলিথিন দূষণ, বায়ুদূষণ এবং অপরিকল্পিত নগরায়ণ আমাদের পরিবেশগত সংকটকে আরও তীব্র করে তুলছে।

প্রক্টর প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান মজুমদার, ভেটেরিনারি, অ্যানিমেল অ্যান্ড বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম, প্রধান প্রকৌশলী (অ.দা.) প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক (অ.দা.) কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন এবং পরীক্ষা নিয়ন্ত্রক (অ.দা.) গাজী মোহাম্মদ জহিরুল ইসলাম ও কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. অসীম সিকদার। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন