যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষাকল্পে কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক প্রতিরোধ বিষয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি এডভোকেট মশিউর রহমান, উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হান্নান, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, শাহ্ আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের ভোট আমার দরকার নেই। যারা ভুল পথে চলে গেছেন আপনারা প্রশাসনের কাছে সারেন্ডার করুন আমরা সহযোগিতা করবো। আমরা আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো। অচিরেই প্রত্যেক ইউনিয়নে মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হবে। আসুন আমরা মাদককে না বলি। মাদক ব্যবসায়ীরা এবং অপরাধীরা যাতে আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরিয়ে আসতে না পারে সেইজন্য প্রয়োজনে আইন সংশোধনের জন্য পার্লামেন্টে কথা বলবো।
আমাদের যুবকদের বাঁচাতে হবে, আগামী প্রজন্মকে বাঁচতে হবে। এ সময় যেখানে মাদক সেখানেই প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তিনি উপস্থিত শত শত মানুষকে মাদক ব্যবহার না করার জন্য শপথ বাক্য পাঠ করান। এর আগে প্রতিমন্ত্রী লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পারে গোবরিয়া ই.ইউ, ফাজিল মাদ্রাসার নবনির্মিত ভবন এবং সর্বশেষ বিকালে আব্দুল্লাহপুর জগৎচর মাদ্রাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন।
