তাড়াশে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে এক কীটনাশক ব্যবসায়ীকে মারপিটের অভিযোগ উঠেছে আজিজুল হকের (৩২) বিরুদ্ধে। গত বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা বাজার এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কীটনাশক ব্যবসায়ী আলমাছ মাহমুদ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত আজিজুল হক একই উপজেলার তালম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আইয়ুব আলীর ভাই ও গোন্তা উত্তরপাড়া গ্রামের মৃত আকসেদ আলীর ছেলে।
জানা যায়, তালম ইউনিয়নের গোন্তা বাজারের একজন কীটনাশক ব্যবসায়ী আলমাছ মাহমুদ। তিনি তার ব্যবসার পুঁজি বাড়াতে বুধবার গোন্তা বাজারে থাকা নিজ নামীয় একটি জায়গা ১৩ লাখ টাকায় বিক্রি করেন। আর এ বিক্রির খবর পেয়ে ওইদিন বিকালে আজিজুল হক আলমাছ মাহমুদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ চাঁদা না দিলে নানান ভয়ভীতি ও ভবিষ্যতে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেয়।
পরে ব্যবসায়ী ঝামেলা এড়াতে তার ক্যাশ বক্সে থাকা ৮২ হাজার টাকা আজিজুল হককে দেন। পরবর্তীতে তিনি কয়েকজনের সম্মুখে টাকা নিয়ে চলে যান। কিন্তু পরের দিন বৃহস্পতিবার দুপুরে আজিজুল হক ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আরও এক লাখ ১৮ হাজার টাকা চাঁদা দাবি করেন। আর এ টাকা দিতে অস্বীকার করায় আজিজুল হক অকথ্য ভাষায় গাল-মন্দ করে আলমাছ মাহমুদকে বেধড়ক মারপিট করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ওই মারপিটের ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।
