কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে বউ-শাশুড়ি দু’জনেরই মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা আক্তার (৩০) দুবাই প্রবাসী জাহাঙ্গীরের স্ত্রী ও শাশুড়ি মেহেরা (৬০)। জানা যায়, শুক্রবার সকালে গরুকে খাবার দেয়ার জন্য খালেদা গোয়াল ঘরে যায়। সেখানে দরজার সঙ্গে বিদ্যুতের লিকেজ তারের স্পর্শে দরজাটি বিদ্যুতায়িত হয়ে পড়ায় দরজা খুলতে গিয়ে খালেদাও বিদ্যুতায়িত হয়ে পড়ে। শাশুড়ি মেহেরা বউকে উদ্ধারের চেষ্টা করে নিজেও বিদ্যুতের সঙ্গে জড়িয়ে পড়ে।
তাদেরকে উদ্ধার করে দ্রুত ভাগলপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। আচমিতা ইউপি সদস্য শহিদুল্লাহ জানান, ঘটনার সংবাদ পেয়ে এলাকাবাসী তাদের উদ্ধার করে দ্রুত ভাগলপুর হাসপাতালে প্রেরণ করেন। স্ত্রী ও মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে প্রবাসী জাহাঙ্গীর দেশে ফিরছেন। তিনি দেশে পৌঁছলে স্ত্রী ও মায়ের জানাজা অনুষ্ঠিত হবে।
