গৃহকর্মীর কাজে গিয়ে লালসার শিকার শিশু, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
অভিযুক্ত নাসির উদ্দিন

গৃহকর্মীর কাজে গিয়ে লালসার শিকার শিশু, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

ফন্ট সাইজ:

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থী। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ১২ বছর বয়সী ওই শিশুটি বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার চিতোষী পূর্ব ইউপির এক অসহায় পরিবারের সন্তান ওই শিশু। তার বাবা-মা উভয়েই শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অভাবের কারণে প্রায় সাত মাস আগে প্রতিবেশী দাদা সম্পর্কে এক ব্যক্তির বাড়িতে গৃহকর্মের কাজে যাওয়া-আসা শুরু করে সে।

অভিযোগ রয়েছে, সেই সুযোগে ৬০ বছর বয়সী নাসির উদ্দিন নামের ওই ব্যক্তি শিশুটির ওপর নির্যাতন চালায়। ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক নির্যাতন করা হয়। পরে বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয়া হয়। ভয় ও লোকলজ্জার কারণে শিশুটি দীর্ঘদিন ঘটনাটি গোপন রাখে। গত মঙ্গলবার শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।

একপর্যায়ে জিজ্ঞাসাবাদে সে ঘটনার বর্ণনা দেয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেয়া হলে পরীক্ষার পর জানা যায়, শিশুটি প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত নাসির উদ্দিন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ভুক্তভোগী শিশুটির প্রতিবন্ধী মা বলেন, মেয়ে ভয়ভীতি ও হুমকির কারণে সে এতদিন মুখ খুলতে পারেনি। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দাখিল করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন