গাজীপুরের শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলমের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কেওয়া পশ্চিম খণ্ড এলাকার মৃত ফকরুল ইসলামের ছেলে সানজিদ আকন্দ (২৯) এবং চন্নাপাড়া এলাকার সবুজ চৌরার ছেলে স্বাধীন চৌরা (২৩)কে গ্রেপ্তার করা হয়।
এ সময় ফকরুল ইসলামের বসতবাড়ির পূর্ব পাশে অবস্থিত একটি পোল্ট্রি ফার্মের উত্তর-পূর্ব পাশের ছোট কক্ষ থেকে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
