চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় প্রয়োজনীয় দলিলপত্র, রেকর্ড, খতিয়ান, নামজারি এবং অন্যান্য বৈধ নথি থাকা সত্ত্বেও নির্মাণকাজে বাধা দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেরানীহাটে অবস্থিত একটি রেস্টুরেন্টের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে ভুক্তভোগী নুরুল আলম অভিযোগ করে বলেন, উপজেলার ঢেমশা ইউনিয়নের কেরানীহাট শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশে আমাদের মালিকানাধীন একটি জায়গা রয়েছে।
সকল প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষের লোকজন অন্যায়ভাবে নির্মাণকাজে বাধা প্রদান করে আসছে। তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, অযৌক্তিক দাবি, অপপ্রচার এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে। এর ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও চরম দুর্ভোগের শিকার হচ্ছি। তিনি আরও বলেন, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, আমাদের বৈধ অধিকার নিশ্চিতকরণ এবং যারা বেআইনিভাবে বাধা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। আমি আশা করছি, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং আমাদের বৈধ কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পরিবেশ নিশ্চিত করবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নূর মোহাম্মদ, শহর মুল্লুক রাশেদ, নেজাম উদ্দিন, কামরুল হাসান, মো. ইব্রাহিম, দিদারুল ইসলাম ও মো. সেলিম উদ্দিনসহ প্রমুখ।
