বাহুবলে জলাশয়ে সেচ পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসী পিতা ও পুত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত সুরুজ আলী পুত্র আইন উদ্দিন (৪৫) দুবাই-এর কর্মস্থল থেকে সম্প্রতি ছুটিতে দেশে আসেন। তিনি দেশে আসার পর নিজ ভিটায় আধাপাকা বসতঘরের নির্মাণকাজ শুরু করেন। নির্মাণকাজ করতে গিয়ে বাড়ির একাংশে গর্ত খনন করা হয়।
ওই গর্তে জমে থাকা বৃষ্টির পানি সেচ দেয়ার জন্য শুক্রবার দুপুর ১২টার দিকে আইন উদ্দিন একটি বৈদ্যুতিক সেচ পাম্প স্থাপন কাজ শুরু করেন। একপর্যায়ে তিনি সেখানেই বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলে রাসেদ মিয়াও (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। সঙ্গে সঙ্গে মুমূর্ষু অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট পিতা-পুত্রকে বাহুবল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকগণ তাদের মৃত ঘোষণা করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ পিতা-পুত্রের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ মর্গে প্রেরণের জন্য প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে বাহুবল মডেল থানার এসআই বি.এম সাদ্দাম জানান, উপজেলার তকিয়া প্রকাশিত পূর্ব ভাদেশ্বর গ্রামের আইন উদ্দিন বাড়ির একটি জলাশয়ের পানি সেচের জন্য পাম্প স্থাপন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। হাসপাতালে আনার পর ডাক্তাররা তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
