চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিবগঞ্জ উপজেলাতেই মারা গেছেন তিনজন। গত বৃহস্পতিবার বিকালে বৃষ্টির সময় বজ্রপাত হলে মারা যান তারা। সংশ্লিষ্ট থানার ওসিরা এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ি-বাজারপাড়ার সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের দক্ষিণপাড়ার মো. মেসবাউল ও নাচোল উপজেলার লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম।
শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান বলেন, শিবগঞ্জের তিনজনই মারা গেছেন। বৃষ্টির মধ্যে বাগানে আম কুড়াতে গিয়ে মারা যান তারা। ওই তিন পরিবারকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন বলেন, সদর উপজেলার আতাহারে বৃষ্টির মধ্যে মাঠে গরু আনতে যায় আব্দুল্লাহ। এ সময় বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে।
স্থানীরা তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া, নাচোল উপজেলার লাহপাড়ায় মাঠে ঘাস কাটতে গিয়ে বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার সময় বজ্রপাতে মারা সুমিয়ারা বেগম। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন।
