ভারতের মণিপুরে ব্যাপক সহিংসতায় ৩ জন নিহত হয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক কাউন্সিল অফ নাগালিম (এনএসসিএন) এবং এর প্রক্সি জেলিয়াংলং ইউনাইটেড ফ্রন্টের কামসন গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে মণিপুরের কুকি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কেআইএম)। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
নাগা গোষ্ঠীগুলোর পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুকি ইনপি মণিপুরের বিবৃতিতে বলা হয়, এই সহিংসতায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতরা হলেন লেটখংগাম হাওকিপ, তার স্ত্রী টিনমেরি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ। হামলায় সাতটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বহু সম্পত্তি ধ্বংস করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, নিরীহ মানুষ হত্যা এবং তাদের ঘরবাড়ি ধ্বংস করা মানবাধিকার ও মানব মর্যাদার চরম লঙ্ঘন।
কোনো পরিস্থিতিতেই বেসামরিক নাগরিকদের টার্গেট করা গ্রহণযোগ্য নয়। সংগঠনটি কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা বাহিনীকে ঘটনার পূর্ণ তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। ইমফল প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সংঘটিত হামলার পেছনে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে।
