বুদ্ধিমান ভালুক, আক্রমণে তটস্থ জাপান

বুদ্ধিমান ভালুক, আক্রমণে তটস্থ জাপান

ফন্ট সাইজ:

জাপানের ফুকুশিমায় পুলিশ ও শিকারীরা একটি ভালুকের খোঁজে আছে। জানা গেছে, চারজনকে আক্রমণ করার পরও ভালুকটি এক তালাবদ্ধ জানালা নিজেই খুলে পালাতে সক্ষম হয়েছে। প্রায় এক মিটার লম্বা এই ভালুকটি একটি নল থেকে পানি পান করতে দেখা গেছে এবং যখন ট্রাঙ্কুইলাইজার ডার্ট মারা হয় তখনও কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে টিকে ছিলো। এ খবর দিয়েছে অনলাইন গার্ডিয়ান। বুধবার এই ভালুকটিকে সিসিটিভি ফুটেজে একটি কোম্পানির পার্কিংয়ে একজন কর্মচারীকে তাড়া করে আক্রমণ করতে দেখা যায়।

ভালুকটি আরেকটি অফিস ভবনের ভেতরে ঢুকে আরেকজনকে আক্রমণ করে এবং তারপর আবার পালিয়ে যায়। এরপর ভালুকটি একটি ইলেকট্রনিক্স ফ্যাক্টরিতে প্রবেশ করে। সেখানে কর্মীরা দেখেন, এটি নিজের পা দিয়ে একটি নল চালু করে পানি পান করছে। স্থানীয় কর্তৃপক্ষ ফ্যাক্টরির প্রবেশদ্বারে চারটি ফাঁদ স্থাপন করে এবং প্রশিক্ষিত কর্মীদের ট্রাঙ্কুইলাইজার বন্দুক দিয়ে মোতায়েন করে। পুলিশের একজন কর্মকর্তা বুধবার রাত ১১টার দিকে লক্ষ্য করেন যে ভালুকটি একটি গেট খুলে বের হয়ে যাচ্ছে। ফ্যাক্টরি তল্লাশি করার পরে দেখা যায় যে ভালুকটি চাবি দিয়ে তালাবদ্ধ জানালা খুলে পালিয়েছে।

মানুষের ওপর ভালুকের আক্রমণের বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি জাপানের আগ্নেয়াস্ত্র আইন সংস্কার করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে আবাসিক এলাকায় অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। ফুকুশিমা সিটি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জরুরি সংবাদ সম্মেলনে জানায় যে ভালুকটির উপর ট্রাঙ্কুইলাইজার ডার্ট ব্যবহার করা হয়েছিল, কিন্তু কেন অ্যানাস্থেশিয়া কাজ করেনি তা স্পষ্ট নয়। সিটি মেয়র ইউকি বাবা বলেন, আমি মনে করি এটি অত্যন্ত বুদ্ধিমান। ২০২৬ সালের মার্চ পর্যন্ত জাপানে ভালুক ১৩ জনকে হত্যা করেছে, যা রেকর্ড। একইসাথে ২৩৮টি আক্রমণের ঘটনাও ঘটেছে। গ্রামীণ জনসংখ্যার হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে ভালুকের খাবারের পরিমাণে ওঠানামা মানুষ ও ভালুকের সংঘর্ষ বাড়চ্ছে বলে ধারণা করা হচ্ছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন