টলিউড কাঁপানো বেতাজ বাদশা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার

টলিউড কাঁপানো বেতাজ বাদশা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার

ফন্ট সাইজ:

পশ্চিমবঙ্গের টলিউড কাঁপানো বেতাজ বাদশা স্বরূপ বিশ্বাস গ্রেপ্তার হয়েছেন। তোলাবাজি, শ্লীলতাহানির মতো একাধিক অভিযোগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে ১৩ দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন। অভিযোগ ছিল, দাদা মন্ত্রী অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। বৃহস্পতিবার রাতে তার গ্রেপ্তারের পর থেকেই ভয়শূন্য চিত্তে টলিপাড়ার একাংশ বিস্ফোরক সব দাবি করছেন।

অভিযোগ, অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুলশী, সকলেই তার অত্যাচারের শিকার। বৃহস্পতিবার রাতে অবশেষে এক নারী মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় । ওই নারী এও অভিযোগ করেছেন যে, গত মার্চ মাসে স্বরূপের দলবল তাঁর বাড়িতে অস্ত্র নিয়ে চড়াও হয় তাঁকে খুন করার উদ্দেশে। ফেডারেশনের ওই মহিলা সদস্যের বিস্ফোরক অভিযোগের ভিত্তিতেই বৃহস্পতিবার তৎপর হয় নিউ আলিপুর থানা।

এদিন শুনানি চলাকালীন এজলাসে তুমুল হট্টগোল হয়। এখনও পর্যন্ত ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন এবার সেটাই খতিয়ে দেখবে পুলিশ।

এদিকে টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১ কোটি ৫ লক্ষ রুপি আর্থিক প্রতারণা ও তছরুপের গুরুতর অভিযোগ উঠেছে। নির্বাচনে পরাজিত হওয়ার পরই থানায় দায়ের হয়েছে এফআইআর। কলকাতার চারু মার্কেট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কৌশিক কর্মকার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেছেন সোহমের বিরুদ্ধে। এই ঘটনার পর বিনোদন জগৎ তথা টলিপাড়ায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন