ধনবাড়ীতে চাঁদা না দেয়ায় পুকুরের মাছ লুট

ধনবাড়ীতে চাঁদা না দেয়ায় পুকুরের মাছ লুট

ফন্ট সাইজ:

টাঙ্গাইলের ধনবাড়ীতে চাঁদা না পেয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রকাশ্য দিবালোকে পুকুরে মাছ লুটের অভিযোগ ওঠেছে স্থানীয় রহিম বাদশার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার উপজেলার ধোপাখালী ইউনিয়নের বন্ধ বেতাল গ্রামে।

ভুক্তভোগী বৃদ্ধ দরাজ আলী কান্নাজড়িত কণ্ঠে জানান, একই এলাকার আবদুর রহিম বাদশা (৪৬), ছাত্তার ও তার ভাই জাহিদুল, আজাহার আলী এবং খোকা গংরা বিএনপি’র নাম ভাঙিয়ে মাঝেমধ্যেই চাঁদা দাবি করতো। চাঁদা দিতে অস্বীকার করলেই দিতো প্রাণনাশের হুমকি। এভাবেই প্রায় তিন মাস আগে প্রথমে ৫০ হাজার ও ১ মাস পরে আবারও এক লাখ টাকা চাঁদা নেয়। তারা সম্প্রতি আবারও ২ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে রহিম বাদশা গংরা সন্ত্রাসী কায়দায় বৃহস্পতিবার সকালে ১২০ শতাংশ জমির পুকুরে বেড় জাল দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যায়। সেই সঙ্গে পুকুরের পাড়ে থাকা মাছের খাদ্য রাখা টিনের ঘর ভাঙচুর ও প্রায় ৫০-৬০ হাজার টাকার খাদ্য লুটে নেয়। বাঁধা দিতে গেলে অস্ত্রের ভয় দেখিয়ে হত্যার করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এ ঘটনায় তাৎক্ষণিক জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের ৯৯৯ নম্বরে কল দেয়া হলে স্থানীয় ধনবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে আসার কথা বলে আর আসেনি।

তারপরও বারবার যোগাযোগ করা হলেও ঘটনাস্থলে আসার আশ্বাস দিলেও পুলিশ অদৃশ্য কোনও কারণে আসেনি। বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন বিবাদীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় রয়েছি। এ ঘটনায় ন্যায়বিচারে আমি প্রশাসনসহ স্থানীয় এমপি ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর জোর হস্তক্ষেপ কামনা করছি।

এ ঘটনায় স্থানীয় সানোয়ার হোসেন, ইসমাইল হোসেন ও আরিফুলসহ এলাকাবাসী জানান, যুগ যুগ ধরে দরাজ আলীর পৈত্তিক সম্পত্তির ওই ১২০ শতাংশের জমিটি তিনি ভোগদখল করে আসছে। তবে গত ২৫-২৬ বছর ধরে পুকুরে মাছ চাষ করে আসছে তারা। হঠাৎ করেই স্থানীয় রহিম বাদশা, ছাত্তার, আজাহার, জাহিদুল, আকবর আলী ফকির, নজরুল ইসলাম ও খোকা গংরা বৃহস্পতিবার সকালে তারা আরও লোকজন নিয়ে দরাজ আলীর পুকুরের মাছ ধরে লুটে নিয়ে যায়। এ ঘটনায় একটি সঠিক সমাধান হওয়া দরকার। এ বিষয়ে জানতে বিবাদী আব্দুর রহিম বাদশা গংদের বাড়িতে গেলেও কাউকে পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিক সাংবাদিকদের জানান, ওই ঘটনার অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন