সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পরিচালিত বিশেষ অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তিনটি ককটেলসহ এক ব্যক্তিকে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। জানা গেছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মো. মহিবুল মণ্ডল (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক মহিবুল মণ্ডল চল্লিশপাড়া গ্রামের মৃত আজিত মণ্ডলের ছেলে।
এ সময় তার কাছ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলোর আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। উদ্ধারকৃত ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তর করা রয়েছে। এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো তৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধানে বাহিনীটি নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছে।
