আনোয়ারায় নোটিশ ছাড়াই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারায় বকেয়া বিল আদায়ের নামে গ্রাহকদের জোরপূর্বক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুনঃসংযোগের জন্য অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বুধবার ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জানা যায়, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বিল আদায়ের উদ্দেশ্যে বিভিন্ন গ্রামে অভিযান চালান।

এ সময় অনেক গ্রাহক অভিযোগ করেন, কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কেউ প্রতিবাদ করলে মিটার খুলে নেয়া ও মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ রয়েছে। বিলপুর এলাকার বাসিন্দা ইয়ার মোহাম্মদ বলেন, আমাদের সব বিল পরিশোধ করা ছিল। ব্যাংকের মাধ্যমে নিয়মিত বিল দিই। হঠাৎ কাউকে না জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারণ জানতে চাইলে মামলা ও মিটার খুলে নেয়ার হুমকি দেয়া হয়। রিপন উদ্দিন নামে আরেক গ্রাহকের অভিযোগ, ৭-৮ জনের একটি দল এসে কোনো নোটিশ ছাড়াই অনেকের সংযোগ বিচ্ছিন্ন করে। পরে পুনঃসংযোগের জন্য সরকারি ফি ছাড়াও অতিরিক্ত এক হাজার টাকা দাবি করা হয়।
টাকা দেয়ার পরও কয়েকদিন অপেক্ষা করতে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে আনোয়ারা জোনাল অফিসের বিল প্রস্তুত কারক পিংকি বলেন, আমাদের স্যার ৩০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর নিতে বলেছেন। এ বিষয়ে আনোয়ারা জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার মাসুদ গাজী বলেন, সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম আমাদের আছে। আমি যা করেছি নিয়ম মেনেই করেছি। আনোয়ারা পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক মোরশেদুল ইসলাম বলেন, আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুনঃসংযোগের ক্ষেত্রে যে টাকা নেয়া হয়েছে, তা বিধি অনুযায়ী দিতে হয়।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন