নেত্রকোণার কেন্দুয়ায় বিল্লাল মিয়া (৪০) নামে এক ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার পরিবারে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার দলপা ইউনিয়নের ভূইয়াপাড়া গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে বিল্লাল মিয়া গত ৩০শে মে অন্যান্য দিনের মতো আশুজিয়া ইউনিয়নের বীরগঞ্জ বাজারে তার মোটরসাইকেল যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠানে যান।
রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন সকালে দোকানে গিয়ে তারা বিল্লাল মিয়ার ব্যবহৃত মোবাইল ফোন, মোটরসাইকেল ও দোকানের চাবি দোকানেই পড়ে থাকতে দেখেন। তবে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে গত ৩১শে মে কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দিন যতই অতিবাহিত হচ্ছে, পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
পরিবারের অভিযোগ, সমপ্রতি কেন্দুয়া উপজেলায় কয়েকটি খুন ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এ ছাড়া অপরিচিত মোবাইল নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি ফোনও পাচ্ছেন তারা। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে।
এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, নিখোঁজ বিল্লাল মিয়াকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
