১২ দপ্তরে নেই প্রধান কর্মকর্তা

জামালগঞ্জে ৩০ সরকারি দপ্তরে ২৫০ পদ শূন্য, ব্যাহত জনসেবা

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের জামালগঞ্জে সরকারি দপ্তরগুলোতে দীর্ঘদিন ধরে জনবল সংকট চরম আকার ধারণ করেছে। এ উপজেলার ৩০টি সরকারি দপ্তরে প্রায় ৫০০টি পদের মধ্যে ২৫০টিরও বেশি পদ শূন্য রয়েছে। গুরুত্বপূর্ণ অনেক দপ্তরে কর্মকর্তা না থাকায় স্বাস্থ্য, শিক্ষা, ভূমি, কৃষি, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
জানা যায়, উপজেলার গুরুত্বপূর্ণ ১২টি দপ্তরে দীর্ঘদিন ধরে প্রধান কর্মকর্তার পদ শূন্য রয়েছে। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাব-রেজিস্ট্রার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ, জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ উল্লেখযোগ্য।

এসব দপ্তরের কার্যক্রম অনেক ক্ষেত্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা কিংবা অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মকর্তারা পরিচালনা করছেন। সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে এ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। এখানে অনুমোদিত ১২৪টি পদের মধ্যে ৬০টি পদ শূন্য রয়েছে। চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, নার্স, স্বাস্থ্য সহকারী ও ল্যাব টেকনোলজিস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে খালি পড়ে আছে। এ ছাড়া ফেনারবাঁক, ভীমখালী ও সাচনা বাজার ইউনিয়ন সাব-সেন্টার জনবল সংকটে কার্যত বন্ধ হয়ে পড়েছে। কয়েকটি কমিউনিটি ক্লিনিকেও প্রয়োজনীয় জনবল না থাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের ৫৯টি পদের মধ্যে ২৪টি পদ শূন্য রয়েছে। কর্মকর্তা থেকে শুরু করে মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, ফার্মাসিস্ট ও সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদও দীর্ঘদিন ধরে পূরণ হয়নি।

অন্যদিকে জামালগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ৫৩টি পদের মধ্যে ৩২টি পদ শূন্য রয়েছে। অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক ও প্রভাষকের একাধিক পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। একইভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১০টি পদের মধ্যে ৭টি এবং মাধ্যমিক শিক্ষা অফিসে ৭টি পদের মধ্যে ৪টি পদ শূন্য রয়েছে। কৃষি অফিসে ৩০টি পদের মধ্যে ১৫টি পদ খালি রয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় কৃষকদের মাঠপর্যায়ে পরামর্শ ও সেবা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। প্রাণিসম্পদ, মৎস্য, সমবায়, সমাজসেবা, জনস্বাস্থ্য প্রকৌশল, যুব উন্নয়ন, নির্বাচন, খাদ্য, তথ্য ও বিআরডি’বি অফিসেও একই চিত্র দেখা গেছে।

ভূমি অফিসে কানুনগো, সার্ভেয়ার, চেইনম্যানসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। অন্যদিকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সাব-রেজিস্ট্রার, সহকারী সাব-রেজিস্ট্রারসহ প্রয়োজনীয় বিভিন্ন পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় জমি নিবন্ধন সংক্রান্ত সেবায় ভোগান্তি বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জনবল সংকট চললেও তা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষকে সরকারি সেবা পেতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। জামালগঞ্জের বাসিন্দা ইউসুফ বলেন, দ্রুত সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে সরকারি সেবার মান নিশ্চিত করা প্রয়োজন। কর্মকর্তা-কর্মচারীর সংকট দূর না হলে এ উপজেলার উন্নয়ন ও জনসেবা ব্যবস্থার কাঙ্ক্ষিত গতি ফিরিয়ে আনা সম্ভব হবে না।

সুনামগঞ্জের সিভিল সার্জন জসিম উদ্দিন বলেন, উপজেলার স্বাস্থ্যখাতে জনবল সংকটের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শূন্য পদগুলো পূরণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, জামালগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরে জনবল সংকটের বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনা হবে এবং দ্রুত সময়ের মধ্যে শূন্য পদ পূরণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন