বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণার একদিনের মাথায় আবাসিক গ্রাহকদের ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীর বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে করে লাইফলাইন গ্রাহকের (৫০ ইউনিট পর্যন্ত) দাম ৪ টাকা ৬৩ পয়সা এবং ৭৫ ইউনিট ব্যবহারকারীর আগের দাম ৫ টাকা ২৬ পয়সা বহাল থাকছে বলে সংস্থাটির বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে করে খুচরা বিদ্যুতের গড় দাম ১০.৬৩ টাকা থেকে ২৩ পয়সা কমে ১০.৪০ টাকা হবে।
বুধবার ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, আবাসিকে লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা, একইভাবে আবাসিকের প্রথম ধাপে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা করা হয়। একদিন পরেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত দাম প্রত্যাহারের আবেদন করা হয়।
এতে বলা হয়, নিম্ন আয়ের ভোক্তাদের দাম না বাড়ানোর জন্য বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। হতদরিদ্র, নিম্ন আয় এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনা করে লাইফলাইন গ্রাহক সৃষ্টি করা হয়। একটি ৩০ ওয়াটের লাইট ও একটি ফ্যান দিনে ১০ থেকে ১২ ঘণ্টা ব্যবহার করেন তেমন গ্রাহকরা এই বিলের আওতায় পড়েন। কিন্তু একাধিক ফ্যান থাকলে কিংবা একটি ফ্যান টানা চব্বিশ ঘণ্টা চালালে লাইফলাইনের আওতায় থাকার সুযোগ কম। তখন সেই গ্রাহককে ভিন্ন স্তরের বিল দিতে হয়। পৃথক ৬টি স্তর রয়েছে, সেই বিদ্যুতের দাম তুলনামূলক অনেকটা বেশি।
