মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ফন্ট সাইজ:

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেনÑ মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের আলাউদ্দীনের ছেলে অটোবাইকচালক আরিফ হোসেন (৪০), একই গ্রামের মাহিম হোসেনের শিশুকন্যা আফরিন (৪) ও মাহিমের ভাগ্নে যশোরের ঝিকরগাছার সজিব হোসেনের ছেলে আকবর হোসেন (১০)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের অলিনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আরিফ হোসেন তার অটোবাইকে কয়েকজন যাত্রী নিয়ে গাংনী শহরের দিক থেকে বামন্দী শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বামন্দী শহরের অদূরে পৌঁছালে, বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক অটোবাইককে ধাক্কা দেয়। ওই ধাক্কায় অটোবাইকচালক আরিফসহ আরও তিন যাত্রী গুরুতর আহত হন। পথচারীরা আরিফকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, আহত আফরিন ও আকবরসহ তিনজন যাত্রীকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আফরিন ও আকবরকে মৃত ঘোষণা করেন। নিহত আরিফ হোসেনের বন্ধু বিপ্লব হোসেন জানান, আরিফ গত ১১ বছর ধরে কর্মের সুবাদে কুয়েত প্রবাসী ছিলেন। গত আট মাস পূর্বে বাড়ি ফিরে একটি অটোবাইক কিনে জীবিকা নির্বাহ করছিলেন। গাংনী থানার ওসি উত্তম কুমার দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন