শৈলকুপায় বিএনপি’র দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬৫

শৈলকুপায় বিএনপি’র দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬৫

ফন্ট সাইজ:

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিষ্ণুপুর গ্রামে বিএনপি’র দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৬৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সামাজিক দল গঠন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে বিএনপি নেতা মতিয়ার রহমান সমর্থিত বেষ্টপুর গ্রামের মিরাজ জোয়ারদার, আবু তালেব, উল্লাস, ইমরান, শাহিন মণ্ডল, ফজলুর রহমান, সেলিম এবং একই গ্রামের কফিল মেম্বার সমর্থিত মো. লাল্টু বিশ্বাস, মো. আক্তার হোসেন, মো. খাইরুল ইসলাম, মফিজুল আলী, মোশারফ হোসেন, আনিস মোল্লা, সাকিব, আব্দুল কাদের, মো. বিল্লাল হোসেন, অক্ষন, সাঞ্জু, আবেদ আলীর পরিচয় মিলেছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। স্থানীয় গ্রামের বসিন্দা ইউনুস আলী জানান, সামাজিক দল গঠন নিয়ে মতিয়ার ও কফিল উদ্দীনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। উভয় গ্রুপের ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজন দলে ভেড়ানো নিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে গ্রামটিতে সামাজিক দল ভেঙে যায়। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর গ্রামের একটি চায়ের দোকানে বাকি খাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটে। বিএনপি’র দুই গ্রুপের মধ্যে আ’লীগ ঢুকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময় অন্তত ১৫টি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষে মতিয়ার রহমান সমর্থিত আহতরা ঝিনাইদহে ও কফিল মেম্বরের লোকজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছেন।

এরমধ্যে ১৭ জনের অবস্থা বেশ গুরুতর বলে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাশেদ আল মামুন জানিয়েছেন। শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা জানান, সামাজিক বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এখনো কোনো মামলা হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন দুপুরে জানান, এখনো থানায় কোনো মামলা হয়নি। আহতরা এখনো তাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত। বিকালে বা রাতে হয়তো মামলা হতে পারে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন