ময়মনসিংহের মুক্তাগাছায় বজ্রপাতে এ এস এম খালেকুল আজাদ (৫৬) নামের এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের রঘুনাথপুর রৌহাসচর বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খালেকুল উপজেলার রঘুনাথপুর রৌহাসচর গ্রামের মৃত হাজী ইউসুফ আলীর ছেলে ও গাবতলী ডিগ্রি কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, কলেজ বন্ধ থাকায় তিনি নিজ গ্রামে মসজিদ নির্মাণকাজ তদারকি করছিলেন। এ সময় দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় অন্যান্যরা নিরাপদ স্থানে চলে যায়। তিনি পাশের এক আম গাছের নিচে আশ্রয় নিলে বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সায়েম তানভীর জানান, হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
