হাটহাজারীতে ইউপি চেয়ারম্যান মনছুরকে অপসারণ

ফন্ট সাইজ:

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল মনছুরের পদ শূন্য ঘোষণা করেছে সরকার। পরিষদের ১০ সদস্যের অনাস্থা প্রস্তাব এবং তদন্তে গুরুতর অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনের অনুলিপি চট্টগ্রামের জেলা প্রশাসক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইউনিয়ন পরিষদের সদস্যদের আনীত অনাস্থা প্রস্তাবের পর পরিচালিত তদন্তে চেয়ারম্যানের বিরুদ্ধে আনা গুরুতর ছয়টি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ছাড়া, পরিষদের ১০ জন সদস্য অনাস্থা প্রস্তাবের পক্ষে মত দেয়ায় চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন জনস্বার্থে সমীচীন নয় বলে সরকার মনে করেছে।

এ পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী আবুল মনছুরের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে দ্রুত গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, চেয়ারম্যানের পদ শূন্য ঘোষণা করে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপনের কপি আমরা পেয়েছি। ২ নম্বর ধলই ইউনিয়ন পরিষদের সদস্যদের অনাস্থা ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের ভেতরে বিরোধ চলছিল। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়ায় শেষ পর্যন্ত সরকার পদ শূন্য ঘোষণার সিদ্ধান্ত নেয়।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন