কসবায় চোরাকারবারি বিজিবি’র মধ্যে সংঘর্ষ

কসবায় চোরাকারবারি বিজিবি’র মধ্যে সংঘর্ষ

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে ভারতীয় চোরাই পণ্য আটককে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারি চক্রের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। গত বুধবার বিকালে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ও সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে সীমান্ত এলাকা থেকে একটি হলুদ রঙের পিকআপ ভ্যানে ভারতীয় বিভিন্ন পণ্য নিয়ে নয়নপুর বাজার এলাকায় প্রবেশ করে একটি চক্র। গোপন সংবাদে স্থানীয় বিজিবি সদস্যরা গাড়িটি আটক করলে চোরাকারবারিদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হয়। চোরাকারবারিদের দাবি, গাড়িতে থাকা পণ্যগুলো বৈধভাবে আনা হয়েছে। তবে বিজিবি’র পক্ষ থেকে এগুলোকে ভারতীয় চোরাই পণ্য বলে দাবি করা হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। বিজিবি’র দাবি, চোরাকারবারিরা সংঘবদ্ধ হয়ে বিজিবি সদস্যদের ওপর চাপ সৃষ্টি করে এবং নিজেদের গাড়ির গ্লাস ভাঙচুর করে বিজিবি’র বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত আটক করা পণ্যবাহী পিকআপটি ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে সুলতানপুর ৬০ বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা ভারতীয় চোরাই পণ্যবাহী একটি হলুদ পিকআপ আটক করেছিল। পরে সংঘবদ্ধ চোরাকারবারিরা ঘটনাস্থলে এসে বিজিবি সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছিল। পরে রক্তপাত ও অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে পণ্যবাহী গাড়িটি ছেড়ে দেয়া হয়। তারা আরও জানান, ঘটনাটি তদন্ত করে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন