গাজীপুরে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিক একজনের পরিচয় জানা গেছে। তিনি জামালপুরের মাদারগঞ্জ থানার সুজন। বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসন সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা অনাবিল পরিবহনের একটি বাস বাসন সড়ক এলাকায় বাস থামিয়ে যাত্রী উঠানামা করছিল।
এ সময় বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাড়িটিকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অটোরিকশাকে চাপা দেয়। এতে চালকসহ দুইজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাসের সামনের অংশ কেটে মরদেহ উদ্ধার করা হয়। বাসন থানার ওসি হারুন অর রশীদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
