সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি সম্প্রতি পরিদর্শনকারী সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দ্রুত একটি ইতিবাচক, বাস্তবসম্মত ও শ্রমিকবান্ধব প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়ে শ্রমিকদের জীবন-জীবিকা পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়ন। সিলেট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে লোভাছড়া পাথর কোয়ারি বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক পরিবার চরম মানবিক সংকটের মধ্যে দিনাতিপাত করছে।
এ পরিস্থিতিতে শ্রমিকদের কর্মসংস্থান ফিরিয়ে আনা এবং সীমান্তমুখী ঝুঁকিপূর্ণ অভিবাসন রোধে সরকারের জরুরি উদ্যোগ প্রয়োজন। লোভাছড়া পাথর কোয়ারি পুনরায় চালু, সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি শ্রমিকদের মৃত্যু বন্ধ এবং শ্রমিকদের জীবিকা সুরক্ষার দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারি এ অঞ্চলের হাজার হাজার শ্রমিকের জীবিকার প্রধান অবলম্বন। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কয়েক বছর ধরে কোয়ারিটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। ফলে পাথরশ্রমিকদের একটি বড় অংশ কর্মহীন হয়ে পড়েছেন। অনেক পরিবারে খাদ্যসংকট দেখা দিয়েছে, সন্তানদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং অসংখ্য শ্রমিক পরিবার অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ক্ষুধা ও দারিদ্র্যের তাড়নায় অনেক অসহায় শ্রমিক জীবিকার সন্ধানে সীমান্ত পেরিয়ে ভারতে যেতে বাধ্য হচ্ছেন। সেখানে গিয়ে তারা বিএসএফ’র গুলির শিকার হচ্ছেন।
জীবিকা নির্বাহ করতে গিয়ে নিরীহ বাংলাদেশি শ্রমিকদের প্রাণহানির একাধিক বেদনাদায়ক ঘটনা ইতিমধ্যে কানাইঘাট অঞ্চলে ঘটেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি হাবিব আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক জয়নাল উদ্দিন, দপ্তর সম্পাদক পীযূষ রেমা, সমাজসেবা সম্পাদক গোলাম কিবরিয়া, উপদেষ্টা আবুল মনসুর সাজু চৌধুরী।
