নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে দুই সহোদরের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার স্থানীয় হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলোÑ একই জেলার রূপগঞ্জের কাঞ্চন এলাকার ব্যবসায়ী আবু সিদ্দিকের ছেলে আকিবুল (১১) ও তার ছোট ভাই সাফওয়ান (৭)।
জানা গেছে, আকিবুল স্থানীয় একটি হেফজ মাদ্রাসার শিক্ষার্থী ও সাফওয়ান স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। তারা নানা তাজুলের বাড়িতে বেড়াতে যায়। দুপুরে দুই সহোদর পুকুরে গোসল করতে পানিতে নামে।
একপর্যায়ে তারা পুকুরের গভীরে তলিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ঘটনা নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তাস্তর করা হয়েছে।
