নবাবগঞ্জে ভিন্ন স্থান থেকে দুই মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বক্সনগরের আড়িয়ল বিল থেকে নারায়ণ সরকার নামে এক কাঠমিস্ত্রির এবং দৌলতপুরের ধলেশ্বর নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়।
পুুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় বক্সনগর চৌরাহাটি গ্রামের নরেন সরকারের ছেলে কাঠমিস্ত্রি নারায়ণ সরকার (৫০) গত ২৮শে মে ঈদের দিন সকালে আড়িয়ল বিলে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। পরদিন তার স্ত্রী চম্পা রানী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করেন।
এ ঘটনায় মামলা হলে সন্দেহভাজন হিসেবে নিখিল রাজবংশী ও জগদীশ নামে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে পুলিশ। কিন্তু এরপরও কোনো হদিস পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে তাকে খুঁজতে স্বজনরা আবারো আড়িয়ল বিলে গেলে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সুরতাহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকায় প্রেরণ করেন। একই দিন উপজেলা দৌলতপুর এলাকার ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত এক নারীর ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি আবু হানিফ বলেন, নারায়ণ সরকারের নিখোঁজের ঘটনায় মামলা হলে দুইজনকে গ্রেপ্তার করে একদিনের রিমান্ডে আনা হয়েছিল। প্রয়োজনের তাদের আবার রিমান্ড চাওয়া হবে। এ ছাড়া ধলেশ্বর নদীতে উদ্ধারকৃত নারীর এখনো পরিচয় পাওয়া যায়নি।
