হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহবধূকে ধর্ষণ মামলায় হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃত হোসাইন উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং ইউনিয়ন ছাত্রদলের সদস্য। মামলার বিবরণে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের বিবাহিত এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয় হয়। এরপর থেকেই তিনি ওই নারীকে নানাভাবে বিরক্ত ও উত্ত্যক্ত করে আসছিলেন।
গত সোমবার গভীর রাতে ভুক্তভোগীর পৈতৃক বাড়ির পেছনের দরজা দিয়ে ঘরে প্রবেশ করেন হোসাইন। এ সময় তিনি ভয়ভীতি দেখিয়ে ও মুখ চেপে ধরে গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করেন। একপর্যায়ে ভুক্তভোগীর চিৎকার শুনে তার মা-বাবা ছুটে এসে অভিযুক্তকে আটক করেন। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হোসাইনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, থানায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
