নগরের বাকলিয়া থানার চেয়ারম্যানঘাটা এলাকায় সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মনির হোসেনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ঘটনার প্রায় দুই সপ্তাহের মাথায় তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করা হয়।
গত ২১শে মে বিকালে বাকলিয়ার চেয়ারম্যানঘাটা এলাকায় স্থানীয় একটি ডেকোরেটর প্রতিষ্ঠানের কর্মচারী মনির হোসেনের বিরুদ্ধে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
তবে অভিযুক্তকে থানায় নেয়ার সময় স্থানীয় জনতার বাধার মুখে পড়ে পুলিশ। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের একটি গাড়িতেও আগুন দেয়া হয়। সংঘর্ষে সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হন।
ঘটনার রাতে শিশুটির বাবা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ২২শে মে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মো. সোলেমান জানান, আজকে আমরা চার্জশিট আদালতে জমা দিয়েছি। আমরা জিজ্ঞাসাবাদ ও তদন্ত করে মেডিকেল রিপোর্ট অনুযায়ী ধর্ষণ এর বিষয়টি নিশ্চিত হয়েছি। ধর্ষণের পজিটিভ সাইট পেয়েছি এর ভিত্তিতে চার্জশিট তৈরি করে আদালতে জমা দিয়েছি। মামলার পরবর্তী বিচারিক কার্যক্রম এখন আদালতে চলবে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দিয়েছেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য এটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হবে।
