ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে নতুন প্রজন্ম গড়তে হবে: প্রিন্স

ফন্ট সাইজ:

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, একটি জাতির অগ্রগতি নির্ভর করে তার শিক্ষিত, নৈতিক ও দক্ষ মানবসম্পদের ওপর। তাই ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে যারা জ্ঞান, মানবিকতা, নৈতিকতা, দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ গঠনে নেতৃত্ব দিতে সক্ষম হবে। বৃহস্পতিবার ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশন, ধোবাউড়া আয়োজিত বেফাক বোর্ড, এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবর্ধনা শুধু কয়েকজন শিক্ষার্থীর সাফল্য উদ্যাপনের অনুষ্ঠান নয়; এটি আগামী দিনের বাংলাদেশ গড়ার কারিগরদের সম্মান জানানোর অনুষ্ঠান। যারা আজ কৃতিত্ব অর্জন করেছে তারা আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, আলেম, প্রশাসক, উদ্যোক্তা এবং রাষ্ট্রনায়ক। তিনি বলেন, বর্তমান যুগে জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যপ্রযুক্তি, বিজ্ঞান ও উদ্ভাবনের যুগে সবাইকে প্রস্তুত হতে হবে। তিনি বলেন, ইসলাম জ্ঞান অর্জনকে ফরজ করেছে। তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও আধুনিক জ্ঞান অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের অর্জনের স্বীকৃতির পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণার উৎস।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি আলোকিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব। মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মানিক এবং জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার আমীর মাওলানা জসিম উদ্দিন বক্তব্য রাখেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন