রপ্তানি আয়ে পতন অব্যাহত

রপ্তানি আয়ে পতন অব্যাহত

ফন্ট সাইজ:

রপ্তানি আয়ে ধারাবাহিক পতন অব্যাহত রয়েছে। চলতি বছরের মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৭.০৯ শতাংশ।

বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সবশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে বিশ্ববাজারে ৪৪০ কোটি ২৭ লাখ ৮০ হাজার ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছরের একই মাসের তুলনায় যা ৭.০৭ শতাংশ কম। ২০২৫ সালের মে মাসে দেশের রপ্তানি ছিল ৪৭৩ কোটি ৭৮ লাখ ৫০ হাজার ডলারের।

অন্যদিকে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-মে সময়ে মোট রপ্তানি দাঁড়িয়েছে ৪ হাজার ৩৭৯ কোটি ডলারে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৪ হাজার ৪৯৪ কোটি ডলারের। ফলে সামগ্রিক রপ্তানি কমেছে ২.৫৫ শতাংশ। ইপিবি তথ্য অনুযায়ী, বছরওয়ারি হিসাবে রপ্তানি কমলেও এপ্রিল মাসের তুলনায় মে মাসে রপ্তানি বেড়েছে ৯.৮০ শতাংশ। এপ্রিলে রপ্তানি হয়েছিল ৪০০ কোটি ৯৯ লাখ ৩০ হাজার ডলার।

রপ্তানি আয়ের প্রধান উৎস তৈরি পোশাক (আরএমজি) খাত মে মাসে ৩৫৯ কোটি ৪১ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। এপ্রিলের তুলনায় এ খাতে রপ্তানি বেড়েছে ১৪.৪৩ শতাংশ। তবে ২০২৫ সালের মে মাসের ৩৯১ কোটি ৯১ লাখ ডলারের তুলনায় রপ্তানি কমেছে ৮.২৯ শতাংশ।
জুলাই-মে সময়ে তৈরি পোশাক খাত থেকে মোট রপ্তানি হয়েছে ৩ হাজার ৫৩১ কোটি ডলারের পণ্য, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩.৪১ শতাংশ কম।
পোশাকের বাইরে ওষুধ, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, মুদ্রিত সামগ্রী, হোম টেক্সটাইল ও প্রকৌশল পণ্য খাতে বছরওয়ারি এবং চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্য, ফলমূল এবং কাঁকড়া রপ্তানিতেও ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যা দেশের রপ্তানি বহুমুখীকরণে সহায়ক ভূমিকা রাখছে।

চলতি অর্থবছরের জুলাই-মে সময়ে যুক্তরাষ্ট্র, স্পেন, নেদারল্যান্ডস, পোল্যান্ড, কানাডা, চীন, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে বাংলাদেশের রপ্তানি বেড়েছে। ইপিবি’র মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও নতুন বাজার ও অপ্রচলিত খাতগুলোর ইতিবাচক পারফরম্যান্স দেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিকূল বাণিজ্য পরিস্থিতির মধ্যেও মে মাসে মাসওয়ারি প্রবৃদ্ধি এবং অপ্রচলিত খাতগুলোর ধারাবাহিক অগ্রগতি দেশের রপ্তানি খাতের স্থিতিস্থাপকতার ইঙ্গিত দিচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন