যে কারণে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

যে কারণে সরে দাঁড়ালেন বাপ্পারাজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা বাপ্পারাজের। তিনি একাধিকবার নির্বাচনে অংশ নেয়ার কথা জানিয়েছিলেন। এদিকে, নির্বাচনের আর কিছুদিন বাকি। ঠিক এই সময়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বাপ্পারাজ। বাপ্পারাজের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, বাপ্পারাজ ভাই নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন আমাকে। এক খুদে বার্তায় সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক বিষয় উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, বাপ্পারাজ ভাই সরে দাঁড়ানোয় আমাদের প্যানেলে সভাপতি পদে কে নির্বাচন করবেন তা এখনো ঠিক করিনি। আশা করি দুই-একদিনের মধ্যে সেটা জানাতে পারবো। এদিকে, নির্বাচন না করার বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সব সময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তবে ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইলো।

এ নায়িকা আরও বলেন, নির্বাচনের আর কিছুদিন বাকি মাত্র। তবে আমি ভেঙে পড়ার মতো মানুষ না, অবশ্যই সৎ এবং ভালো একজন প্রার্থীকেই সভাপতি পদে দাঁড় করাবো ইনশাআল্লাহ্। বাপ্পা ভাইয়ের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ছিল, আছে এবং থাকবে। গত ২৪শে এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের (২০২৪-২৬) মেয়াদ। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।



ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন